পঞ্চগড়ের দেবীগঞ্জে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছেন কয়েক শতাধিক স্কুলশিক্ষার্থী। সোমবার (১৭ আগস্ট) সকালে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সামাজিক অবক্ষয় রোধে শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা।
শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান ইউএনও ইন্দ্রজীত সাহা। অনুষ্ঠানে দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল এবং জেলা স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
শিক্ষার্থী মুরাদ হোসেন বলেন, ‘আমরা সবাই মিলে শপথ করেছি, আমরা ভালো মানুষ হবো এবং মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকব।’ অন্য এক শিক্ষার্থী জানান, ‘আজ আমরা দুটি শপথ পাঠ করেছি এবং এসব সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়েছি।’
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল বলেন, ‘গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিন বলেন, ‘লাল সবুজ উন্নয়ন সংঘের শপথ ও লাল কার্ড কর্মসূচি সামাজিক অবক্ষয় রোধে একটি সুন্দর উদ্যোগ।’ ইউএনও ইন্দ্রজীত সাহা বলেন, ‘এটি প্রশংসনীয় উদ্যোগ এবং নতুন প্রজন্মকে সামাজিক অবক্ষয় ও অপরাধ থেকে বিরত রাখতে হবে।’
অনলাইন ডেক্স 























