সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ বাংলাদেশির পরিবারকে বিশেষ মানবিক সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রিয়াদের বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি, বাংলাদেশ বিমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় নিহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। নিহতদের পরিচয় দ্রুত শনাক্তকরণ, সরকারি খরচে মরদেহ দেশে আনয়ন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে সহায়তার বিষয়ে আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত শনাক্তকরণের ব্যবস্থা নেবে বাংলাদেশ দূতাবাস। শনাক্তকরণের পর মরদেহ সরকারি ব্যবস্থাপনায় সৎকার করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৬ জনের প্রত্যেক পরিবারের জন্য এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়া হবে।
এছাড়া, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৃত কর্মীদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
উল্লেখ্য, রোববার (৯ আগস্ট) সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ জন বাংলাদেশির প্রাণহানির ঘটনা ঘটে।
অনলাইন ডেক্স 























