গ্রিসের উপকূলের কাছে পৌঁছানোর সময় দেশটির কর্তৃপক্ষ ২০২ জন অভিবাসীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৭২ জন বাংলাদেশি, ৩১ জন সুদানি এবং ৯ জন মিসরীয় রয়েছেন।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় লিবিয়ার উপকূল থেকে যাত্রা করা একাধিক নৌযানে করে অভিবাসীরা দক্ষিণ ক্রিটে পৌঁছান। এ ঘটনায় দ্বীপটির কর্তৃপক্ষ ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়ারাপেত্রা এলাকার কাছে একটি নৌযান শনাক্ত করে। পরে কোস্টগার্ডের একটি টহল নৌযান ৪০ অভিবাসীকে ইয়ারাপেত্রা বন্দরে নিয়ে যায়।
উদ্ধার হওয়া অভিবাসীদের নিবন্ধন ও পরিচয় যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরকে হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আবাসনকেন্দ্রে নেওয়া হয়েছে। ক্রিটে অভিবাসী আগমন বেড়ে যাওয়ায় কেন্দ্রটি এখনও ব্যবহার করা হচ্ছে।
এদিকে, গ্রিক কর্তৃপক্ষ ১৬ বছর বয়সী এক দক্ষিণ সুদানি কিশোরকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পূর্বে উদ্ধার হওয়া ৫০ অভিবাসীকে পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অনলাইন ডেক্স 

























