ভারতের অনুসন্ধানী সাময়িকী তেহেলকা-র সাবেক সম্পাদক তরুণ তেজপালকে ২০১৩ সালের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করেছে বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। আজ বৃহস্পতিবার আদালত ২০২১ সালে গোয়ার একটি ট্রায়াল কোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে।
গোয়া সরকারের পক্ষ থেকে হাইকোর্টে আপিল করা হয়েছিল। বিচারপতি ড. নীলা গোখলে ও বিচারপতি অমিত জামসানদেকারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে এই রায় দেন। মামলায় গোয়া সরকারের পক্ষে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং তরুণ তেজপালের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবাদ পন্ডা শুনানিতে অংশ নেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের নভেম্বরে গোয়ার থিংকফেস্ট অনুষ্ঠানের সময় একটি হোটেলের লিফটের ভেতরে তরুণ তেজপাল তার এক জুনিয়র সহকর্মীকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করেন। ২০১৭ সালে মামলার বিচার শুরু হয় গোয়ার মাপুসা আদালতে। ২০২১ সালে ট্রায়াল কোর্ট তাকে খালাস দিলে সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে গোয়া সরকার।
ট্রায়াল কোর্টের রায়ে বলা হয়েছিল, অভিযোগকারীর আচরণ যৌন নির্যাতনের শিকার ব্যক্তির ‘স্বাভাবিক’ আচরণের সঙ্গে মিল খায়নি। তবে হাইকোর্টে তুষার মেহতা বলেন, যৌন সহিংসতার শিকার প্রত্যেক মানুষের প্রতিক্রিয়া এক রকম হয় না।
দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতে তুষার মেহতা তরুণ তেজপালকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। অন্যদিকে, রায় ঘোষণার পর তরুণ তেজপাল আদালতের কাছে নমনীয়তা কামনা করেন এবং বলেন, তিনি উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
অনলাইন ডেক্স 
























