যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নতুন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন নিয়মের আওতায় ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করার সময় সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে অধিকাংশই আফ্রিকার।
শুক্রবার (৩১ জুলাই) ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন নিয়মটি বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।
নিয়ম অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে নির্ধারিত অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের ভিসা দেওয়ার শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন। তবে এটি বাধ্যতামূলক নয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট কর্মসূচির মাধ্যমে এই ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নের সুযোগ পাওয়া গেছে। ওই কর্মসূচি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বন্ডভিত্তিক ব্যবস্থা ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
পাইলট কর্মসূচিতে কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারতেন। তবে নতুন নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মটি ৩ আগস্ট থেকে কার্যকর হবে।
অনলাইন ডেক্স 





















