জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতো প্রশাসনিক অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। প্রাকৃতিক এই দুর্যোগের পর উদ্ধারকর্মীরা একটি ধসে পড়া শপিং মল এবং ক্ষতিগ্রস্ত কাগজ কলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
ভূমিকম্পের পর থেকে ওই এলাকায় অনবরত আফটারশক অনুভূত হচ্ছে। কিউশু শিনকানসেন বুলেট ট্রেন লাইনের কুমামোতো ও কাগোশিমা-চুও স্টেশনের মধ্যবর্তী অংশ এখনও বন্ধ রয়েছে। তবে কর্তৃপক্ষ ফুকুওকা প্রশাসনিক অঞ্চলের চিকুগো-ফুনাগোয়া স্টেশন থেকে কুমামোতো স্টেশন পর্যন্ত রেল পরিষেবা চালুর চেষ্টা করছে।
বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ থাকায় গৃহহীন বাসিন্দারা চরম সংকটে পড়েছেন। কুমামোতো প্রশাসনিক সরকার জানিয়েছে যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
অনলাইন ডেক্স 























