ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানে বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক স্থাপনাতেও হামলার খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান যে হুমকি তৈরি করছে, তা দুর্বল করতেই এসব হামলা করা হয়েছে।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সামরিক কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোতে হামলা চালিয়েছে।
তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাছাড়া, ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর শহরের বিভিন্ন এলাকায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। তিনি আরও ৯০ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
অনলাইন ডেক্স 
























