গ্রিন কার্ডের জন্য আবেদন করতে অগ্রিম এক লাখ মার্কিন ডলার ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, স্বল্প আয়ের বিদেশিদের অভিবাসন সীমিত করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই প্রস্তাবটি পর্যালোচনা করছে।
ওয়াল স্ট্রিট জার্নালের সূত্রে জানা গেছে, বিদেশে স্থায়ী অভিবাসী ভিসার আবেদনগুলোর জন্য উচ্চমূল্যের জামানত আরোপের পরিকল্পনা রয়েছে। কিছু কর্মকর্তা জামানতের পরিমাণ এক লাখ মার্কিন ডলার করার প্রস্তাব দিয়েছেন।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রে অভিবাসন করতে চান, তাদের অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে।
এই জামানতের উদ্দেশ্য হলো এটি একটি আর্থিক নিশ্চয়তা হিসেবে কাজ করবে, যাতে গ্রিন কার্ডধারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে নিজেদের আর্থিক চাহিদা পূরণে অক্ষম হলে সরকারের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা থাকে।
গত বছর প্রশাসন এ ধরনের পাঁচ লাখ ভিসা ইস্যু করেছিল, যা সাধারণত যুক্তরাষ্ট্রের নাগরিকদের পরিবারের সদস্যরা ব্যবহার করেন। সীমিত আয়ের বিদেশি নাগরিকদের অভিবাসন প্রতিহত করার জন্য হোয়াইট হাউসের অন্যান্য প্রচেষ্টার পর এই জামানতের প্রস্তাব এসেছে।
অনলাইন ডেক্স 
























