ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
রাজধানী কিয়েভে মিসাইল হামলায় দুই শিশুসহ ১২ জন আহত হওয়ার খবর জানিয়েছেন কিয়েভের মেয়র। শনিবার (১১ জুলাই) সকালে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার মধ্যে প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পর দ্বিতীয়টি ঘটে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া নতুন করে রাতভর ১২০টি ড্রোন ও ১২টি মিসাইল ছুড়েছে, যার মধ্যে ছয়টি ছিল ব্যালিস্টিক মিসাইল।
জেলেনস্কি জানান, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ও ছয়টি মিসাইল ভূপাতিত করতে সক্ষম হলেও ছয়টি ব্যালিস্টিক মিসাইল আটকাতে পারেনি। সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার আগেই এসব মিসাইল বেসামরিক অবকাঠামোতে আছড়ে পড়ে।
কিয়েভে অ্যাপার্টমেন্ট ভবন, অফিস ও একটি ধর্মীয় স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, পূর্বাঞ্চলীয় সামি শহরের মেয়র জানিয়েছেন, সেখানে আকাশ থেকে ছোড়া বোমা হামলায় এক মেয়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের ওডেশাতে মিসাইলের আঘাতে দুজনের মৃত্যু হয়েছে।
অনলাইন ডেক্স 























