কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর বাজারে এক ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগে ল্যাংরা খোকন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে আটক করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই নারী ভারসাম্যহীন এবং সারাদিন বাজারে ঘোরাঘুরি করে রাতের বেলা আশপাশের দোকানগুলোর সামনে অথবা ফুটপাতে রাতযাপন করতেন। সম্প্রতি তিনি বিজয়পুর বাজারের একটি কনফেকশনারী দোকানের সামনে রাতযাপন করছিলেন, তখন গভীর রাতে ল্যাংরা খোকন তাকে ধর্ষণ করে।
ঘটনার পর শনিবার সকালে ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত খোকনকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
স্থানীয়দের মতে, ল্যাংরা খোকন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার বোর্ড পরিচালনা করছে। পুলিশ জানায়, ভুক্তভোগীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ধর্ষণের খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম অভিযানে নামে এবং খোকনকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অনলাইন ডেক্স 






















