ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের জন্য ব্যাপক জনসমাগমের প্রস্তুতি চলছে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, রাজধানী তেহরানে প্রায় ২ কোটি এবং দেশজুড়ে মোট সাড়ে ৩ কোটি মানুষ এ আয়োজনে অংশ নিতে পারেন। ৯০টির বেশি দেশের প্রতিনিধি ও প্রায় ১৪ হাজার সাংবাদিকও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
আয়াতুল্লাহ খামেনিকে আগামী ৯ জুলাই দাফন করা হবে। এ বিপুল জনসমাগমের আশঙ্কায় ইতোমধ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় অংশ নেওয়া আনুমানিক ১ কোটি ২ লাখ মানুষের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯৮৯ সালের ৬ জুন আয়াতুল্লাহ খোমেনির জানাজা ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে বিবেচিত হয়। সেদিন লাখো মানুষের ঢলে জানাজার শোভাযাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বহু মানুষ আহত হন। সরকারি বার্তা সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী আকাশে গুলি ছোড়ে।
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বড় জানাজার স্বীকৃতি পেয়েছে, যেখানে প্রায় ১ কোটি ২ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। খামেনি ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি এক হামলায় নিহত হন।
অনলাইন ডেক্স 





















