যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবার যুদ্ধ শুরু করতে বাধ্য হয়, তবে ইরানের ‘আর কোনো অস্তিত্ব থাকবে না’। তিনি তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও করেছেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের উড়োজাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে।’
তিনি হুমকি দিয়ে বলেন, ‘এমন একটি সময় আসতে পারে, যখন আমাদের পক্ষে আর সংযত থাকা সম্ভব হবে না এবং আমরা অত্যন্ত সফলভাবে যে অভিযান শুরু করেছি, তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হব। যদি তা ঘটে, তবে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না!’
গতকাল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার ২০ লাখ ব্যারেল জ্বালানি তেলবাহী একটি ট্যাংকারে ইরান হামলা চালিয়েছে।
সেন্টকম একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে বিভিন্ন জায়গায় বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। তারা জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনী হরমুজের কাছে ইরানের ১০টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। দুই সপ্তাহ আগে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা একটি সমঝোতা স্মারকে সই করেছেন এবং সুইজারল্যান্ডে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য আলোচনা শুরু হয়েছে।
অনলাইন ডেক্স 























