মাসুদ রানা প্রধানের মানবিক — জয়পুরহাটে অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হওয়া ছয় মাসের শিশু সারা’র পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান। তিনি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। রবিবার (২২ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।
জানা গেছে, জয়পুরহাট পৌর শহরের হারাইল মহল্লার বাসিন্দা আক্তার বানুর ছয় মাস বয়সী শিশু কন্যা সারার শরীরে জন্মগতভাবে দুটি জটিল রোগ ধরা পড়ে। দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। মাসুদ রানা প্রধান বিষয়টি জানতে পেরে মানবিক দিক বিবেচনায় শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন।
চেক প্রদানকালে মাসুদ রানা প্রধান বলেন, "মানবতার সবচেয়ে সুন্দর রূপ ফুটে ওঠে তখনই, যখন অসহায় মানুষের বিপদের দিনে আমরা পাশে দাঁড়াতে পারি। একটি নিষ্পাপ শিশুর মুখে হাসি ফুটানোর জন্য এগিয়ে আসা মানেই একটি পরিবারের নতুন স্বপ্নকে বাঁচিয়ে রাখা।" তিনি আরও বলেন, "ছোট্ট সারার চিকিৎসার জন্য আজ সামান্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে এই পরিবারটির পাশে থাকব।"
মাসুদ রানা প্রধান সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যাতে "অর্থের অভাবে কোনো শিশু বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে না যায়।"
অন্যদিকে, চরম দুঃসময়ে এমন সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা আক্তার বানু। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "টাকার অভাবে আমার মেয়ের চিকিৎসা প্রায় বন্ধ হতে বসেছিল। অভাবের সংসারে কী করব কিছুই ভেবে পাচ্ছিলাম না, প্রতিটা মুহূর্ত দুশ্চিন্তায় কাটছিল। মাসুদ রানা প্রধান ভাই আমাদের পাশে দাঁড়িয়ে নতুন করে বাঁচার সাহস ও ভরসা জুগিয়েছেন। আল্লাহ উনার মঙ্গল করুন। সবাই আমার ছোট্ট মেয়েটির সুস্থতার জন্য দোয়া করবেন।"
চেক প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাসুদ রানা প্রধানের এই মানবিক উদ্যোগ স্থানীয় সমাজে প্রশংসিত হয়েছে এবং এটি অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
অনলাইন ডেক্স 























