দেশে সারের মজুত বেড়েছে — দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে বর্তমানে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। আসন্ন রবি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ এবং কৃত্রিম সংকট প্রতিরোধে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেলা প্রশাসক (ডিসি) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সারের প্রকৃত চাহিদা নিরূপণ, পর্যাপ্ত মজুত বজায় রাখা এবং সুষ্ঠু বিতরণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে সারের মোট মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চলতি অর্থবছরে তা বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে পৌঁছেছে। বর্তমানে দেশে ইউরিয়া সারের মজুত ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন, টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপি ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সব ধরনের সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে।
নভেম্বর মাসে কৃষকদের চাহিদা পূরণে ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। সারের চাহিদা ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, চলতি মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের প্রকৃত চাহিদা নিরূপণ এবং বরাদ্দ অনুযায়ী সার উত্তোলন নিশ্চিত করা।
আগের চাহিদা, বরাদ্দ ও মজুতের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলাগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। আসন্ন রবি মৌসুমের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে আগাম মজুত ও সরবরাহ পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের তথ্য যাচাই করে উপপরিচালকদের যথাসময়ে চাহিদার প্রতিবেদন পাঠাতে হবে।
সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে ডিলারদের দোকানে সরকার নির্ধারিত বিক্রয়মূল্য ও মজুতের তথ্য দৃশ্যমান স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম আদায় এবং সীমান্ত দিয়ে সার পাচার বন্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলা হয়েছে।
কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকদের তালিকা ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার বন্ধে নজরদারি বাড়ানোর নির্দেশনা রয়েছে। জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে সারের মজুত ও বিক্রির প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রহিম বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাঠ প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক।
তিনি আরও জানান, কৃষকদের মধ্যে বিভ্রান্তি কিংবা কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে অধিদপ্তরের উপপরিচালক ও মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার কিনে বাড়িতে মজুত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব কৃষকই প্রয়োজনীয় সার পাবেন।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি জানান, গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক এবং দেশে পর্যাপ্ত সার রয়েছে।
অনলাইন ডেক্স 























