সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন — দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালের শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।
গত রোববার (৮ নভেম্বর) থেকে এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া, ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। সোনালী ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
বৃত্তির যোগ্যতা সম্পর্কে জানানো হয়েছে, এইচএসসি পর্যায়ের বৃত্তির জন্য সাধারণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫।
অন্যদিকে, স্নাতক পর্যায়ের বৃত্তির জন্য সাধারণ শিক্ষার্থীদের এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ থাকতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে এ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে জিপিএ ৩ দশমিক ৫।
এ ছাড়া, আবেদনকারীকে দরিদ্র পরিবারের সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, এতিম, শারীরিক প্রতিবন্ধী অথবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। মুক্তিযোদ্ধা ভাতা বাদে আবেদনকারীর বাবা-মা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে হবে। সচ্ছল পরিবারের শিক্ষার্থীদের আবেদন না করার পরামর্শ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
আগ্রহী শিক্ষার্থীদের সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। আগামী ২৭ নভেম্বরের মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শিক্ষাবৃত্তির যোগ্যতা, প্রয়োজনীয় শর্ত ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য সোনালী ব্যাংকের সিএসআর-সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
অনলাইন ডেক্স 























