পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের চেতনা মনে প্রাণে ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করেন এবং সবাইকে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করার আহবান জানান।
আলোচনা শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনলাইন ডেক্স 






















