সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরীকান্দি বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাইলা এক শিক্ষার্থীর ছেঁড়া জামা সেলাই করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সহকারী শিক্ষিকা খাইরুন নাহার লিপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই মানবিক কর্মকাণ্ডের ছবি পোস্ট করেন।
পোস্টে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষিকা নাইলা বিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান-সংক্রান্ত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের খোঁজখবর নেন। একদিন তিনি লক্ষ্য করেন, এক শিক্ষার্থীর জামাটি ছেঁড়া। বিষয়টি দেখে তিনি নিজেই সেলাইয়ের কাজে বসে যান।
সহকারী শিক্ষিকা লিপি তার পোস্টে লেখেন, প্রধান শিক্ষিকা নাইলা প্রতিদিন বিদ্যালয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তবে ওইদিন তিনি ভিন্ন এক রূপে দেখা দেন। শিক্ষার্থীর জামা সেলাই করে তিনি প্রমাণ করেছেন যে শিক্ষাঙ্গণ একটি যত্নের পরিবার।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রধান শিক্ষিকার উদ্যোগের প্রশংসা করেছেন। নেতিবাচক ঘটনার মধ্যে শিক্ষকদের মানবিক কর্মকাণ্ড সামনে আনার প্রয়োজনীয়তা অনুভব করছেন অনেকে।
অনলাইন ডেক্স 

























