রাজশাহীর কাশিয়াডাঙ্গায় একটি লিচুবাগানে পরিত্যক্ত সিমেন্টের বস্তায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে আদুবুড়ি এলাকায় অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫) এসব ককটেল উদ্ধার করে। তবে ককটেলগুলো সেখানে কে বা কারা মজুত করেছিল, তা জানা যায়নি।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি সিমেন্টের বস্তা তল্লাশি করে ১০৩টি ককটেল পাওয়া যায়।
উদ্ধার করা ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল ও ৩৯টি কালো কসটেপে মোড়ানো ছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে সেগুলো জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে ককটেল মজুতের পেছনে কারা জড়িত এবং এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
অনলাইন ডেক্স 























