রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এটি ছিল অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে চলমান অভিযানের চতুর্থ দিন। অভিযানের সময় পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের বিভিন্ন স্থানে স্থাপিত মোট ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সড়কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি অনুমোদনহীন বিলবোর্ডের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরসহ গুলশান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদসহ একটি প্রতিনিধি দল অভিযানে অংশ নেয়।
অনলাইন ডেক্স 






















