যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত ছবিটি এআই জেনারেটেড বা ম্যানিপুলেটেড হিসেবে প্রচার করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, ছবিটি হোয়াইট হাউস থেকে পাঠানো হয়েছিল এবং এটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত রিসেপশনের। তবে, ছবিটি নিয়ে একটি পক্ষ অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এআই-জেনারেটেড ছবির মাধ্যমে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ট্রাম্পের একটি ছবিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এতে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে।
এছাড়া, আলবেনিয়াভিত্তিক সংবাদ মাধ্যম Pamfleti.net-এর ২ অক্টোবর ২০২৬-এর প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ট্রাম্পের ছবিটি এআই-জেনারেটেড হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, যে ছবিটি এআই-জেনারেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটিকে ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের ছবিকে বিতর্কিত করার চেষ্টা চলছে।
অনলাইন ডেক্স 



















