সিরাজগঞ্জের কাজীপুর থানায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে চার বোতল দেশীয় মদ নিয়ে আটক হয়েছেন রুবেল রানা (৩২)। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল রানা কাজীপুর উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের বাসিন্দা। এনআইডি হারানোর পর স্থানীয় নির্বাচন অফিসের পরামর্শ অনুযায়ী তিনি থানায় জিডি করতে আসেন।
থানায় প্রবেশের পর রুবেলের আচরণ সন্দেহজনক মনে হলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় তার ব্যাগ থেকে ২৫০ মিলিলিটারের কোমল পানীয় 'স্পিড'-এর চারটি বোতলে ভর্তি দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) নাইমা জাহান সুমাইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে রুবেল রানা নিজের অপরাধ স্বীকার করলে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা জরিমানা করা হয়।
অনলাইন ডেক্স 





















