ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, রাষ্ট্রের স্ট্রাকচারাল কোনো পরিবর্তন ঘটেনি, শুধু ক্ষমতার পালাবদল হয়েছে। তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) রংপুরের কারমাইকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
সাদ্দাম বলেন, নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই বাংলাদেশ গঠনে ব্যর্থ হয়েছি। তিনি অভিযোগ করেন, জুলাই চার্টারে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলো গণভোটের রায় বাস্তবায়ন করেনি এবং নিজেদেরকে জাতীয় মুনাফিক হিসেবে উপস্থাপন করেছে।
শিবির সভাপতি আরও বলেন, ক্ষমতায় আসার পর রাজনৈতিক নেতারা নিজেদেরকে ভিক্ষুক মনে করছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, আন্দোলনের মাধ্যমে অনেক মানুষ জীবন দিয়েছে, কিন্তু সেই ব্যবস্থা পুনর্বহাল করা হয়নি।
অনুষ্ঠানে রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ও কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মন্ডল। অনুষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন এবং দুই শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
অনলাইন ডেক্স 
























