রংপুরের পীরগঞ্জে একটি গুদামে সরকারি চালের বস্তা মজুত করার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করায় দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট গুদামটি সিলগালা করে দেয়।
এ ঘটনা উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাট এলাকায় ‘মেসার্স নূর ট্রেডার্স’ নামের গুদামে ঘটে। স্থানীয় দুই যুবক গুদামে সরকারি চালের বস্তা ঢোকানোর দৃশ্য ভিডিও করতে শুরু করলে গুদামের লোকজন তাদের জোরপূর্বক গুদামের ভেতরে নিয়ে মারধর করে।
স্থানীয়দের অভিযোগ, গুদামে মজুত করা চালগুলো সরকারি কর্মসূচির অংশ কিনা এবং কেন তা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে আনা হচ্ছিল, সে বিষয়ে গুদাম সংশ্লিষ্টরা কোনো সদুত্তর দিতে পারেননি। গুদামটির মালিক সাবেক ইউপি সদস্য কায়েম মেম্বার, যার ছেলে নূর মোহাম্মদ স্থানীয় জামায়াতে ইসলামীর যুব বিভাগের কর্মী হিসেবে পরিচিত।
মারধরের ঘটনা ও সরকারি চালের অবৈধ মজুতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে গুদামটি সিলগালা করে দেয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, গুদামে থাকা চালের প্রকৃত উৎস ও বৈধতা যাচাই করতে বৃহস্পতিবার উপজেলা খাদ্য বিভাগ সরেজমিন তদন্ত করবে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























