সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেওয়ার অভিযোগ ওঠেছে। অভিযুক্ত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) হাসপাতাল সূত্রে জানা যায়, অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ডা. আব্দুর রাজ্জাককে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত রোববার (৬ সেপ্টেম্বর) অসুস্থতা নিয়ে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে যান সাংবাদিক নাজমুল হাসান। তিনি অভিযোগ করেন, চিকিৎসক তার সমস্যার কথা শুনে অল্প সময়ের মধ্যেই কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা (টেস্ট) লিখে দেন। পরে চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার সময় একজন সহকারী তার হাতে একটি বেসরকারি ক্লিনিকের ভিজিটিং কার্ড ধরিয়ে দেন।
এ ঘটনায় হাসপাতালজুড়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর অভিযোগ নিয়ে নানা প্রশ্ন ওঠে।
সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন ডেক্স 






















