সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচি থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবি জানিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়। ছাত্রনেতারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ডাকসুর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে ‘নির্ভীক জুলাই স্মৃতিস্তম্ভ’ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শিক্ষার্থীরা ‘ভাইভার নামে প্রহসন চলবে না’, ‘নিয়োগ নিয়ে বাণিজ্য চলবে না’ এবং ‘মেধার ভিত্তিতে চাকরি চাই’সহ বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান।
সমাবেশে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ভাইভায় অতিরিক্ত নম্বর বরাদ্দের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া মেধাভিত্তিক ব্যবস্থার ওপর চরম আঘাত। তিনি সতর্ক করে বলেন, ভাইভাকে যদি দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, তবে লাখ লাখ বেকার তরুণ চরম বঞ্চনার শিকার হবেন।
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ভাইভায় নম্বর বাড়িয়ে কোটা বা দলীয়করণের চেষ্টা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। তিনি দ্রুত মেধাভিত্তিক নিয়োগ কাঠামো বহাল রাখার দাবি জানান।
অনলাইন ডেক্স 
























