ঢাকা-চট্টগ্রাম ‘লংমার্চ’ কর্মসূচির মাধ্যমে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট দেশে ‘অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে’ বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জাতীয় সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রয়েছে, ঠিক সেই সময়ে আন্দোলনের নামে রাজপথে লংমার্চ করার মতো কর্মসূচি সাধারণ মানুষের গণআকাঙ্ক্ষার পরিপন্থি।
শনিবার রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট (বিলিয়া) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা: সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। সিটিজেন ফোরাম বাংলাদেশ এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভসের (বিসিএআই) উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন স্বপন সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংসদীয় বিতর্ককে অহেতুক ও দ্রুত রাজপথে নিয়ে যাওয়া এবং লংমার্চের মতো কর্মসূচি ঘোষণার বিষয়ে দেশের সচেতন মহলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কতটা বুঝে এসব করছে, তা জানি না। তবে এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য দেশি-বিদেশি নানান অপশক্তি ওঁৎপেতে বসে থাকে।
সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বিগত দুই দশকের ফ্যাসিবাদের চর্চা, ভঙ্গুর সমাজব্যবস্থা এবং দেউলিয়া অর্থনীতির চরম অচলাবস্থা থেকে দেশকে টেনে তুলে সরকার নতুন একটি সঠিক গতিমুখ নির্ধারণ করতে সক্ষম হয়েছে।
জ্বালানি সমস্যা নিয়ে তিনি বলেন, দীর্ঘমেয়াদি আমদানিনির্ভর ও ভুল নীতির কারণে বিদ্যুৎ এবং জ্বালানির মতো অপরিহার্য খাতে দেশকে আজ হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, এত দিন ক্ষমতায় থেকেও প্রাকৃতিক সম্পদ উত্তোলনে স্থায়ী পদক্ষেপ না নেওয়া কেবল দুর্নীতিই ছিল না, এটি ছিল জাতির সঙ্গে দীর্ঘমেয়াদি প্রতারণা।
বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, মানবাধিকারকর্মী শিরিন হকসহ রাজনীতিক, শিক্ষাবিদ ও গবেষকরা বক্তব্য রাখেন।
অনলাইন ডেক্স 





















