গাজীপুর থেকে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিফাতকে আদালতে হাজির করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে তথ্য পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানান, সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রকাশ করে আসছিলেন। বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগও রয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে অবহিত করেন, পরে পুলিশ তদন্ত শুরু করে।
ওসি গোলাম রাব্বানী বলেন, সিফাতের বিদ্যুৎ বিল নিয়ে কোনো সমস্যা ছিল কি না, তা এখনও যাচাই করা হয়নি। তবে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর এনসিপির কয়েকজন নেতাকর্মী গাছা থানায় উপস্থিত হন, কিন্তু তাদের সঙ্গে সিফাতের কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানান তিনি।
অনলাইন ডেক্স 























