গরুর মাংসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার প্রেক্ষাপটে সিরাজগঞ্জে একটি ব্যতিক্রমী উদ্যোগ শুরু হয়েছে। আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার প্রতি শুক্রবার ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন।
সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের সামনে হাজী মো. আব্দুস সাত্তার তার নিজস্ব খামারের দেশি ষাঁড় জবাই করে সাধারণ মানুষের কাছে এই স্বল্পমূল্যে মাংস সরবরাহ করছেন। বাজারদরের তুলনায় কম দামে মাংস কিনতে পেরে স্থানীয়রা খুশি।
বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক পরিবার গরুর মাংস কেনার সামর্থ্য হারিয়েছে। এ অবস্থায় ৬০০ টাকা কেজি দরে মাংস বিক্রির উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই মাংস কিনতে ভিড় করছেন স্থানীয় ক্রেতারা।
হাজী মো. আব্দুস সাত্তার বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তার মূল উদ্দেশ্য। তিনি জানান, আল্লাহর দেওয়া সম্পদ মানুষের জন্য কাজে লাগাতে চান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে প্রতি শুক্রবার তার ফার্মের চার-পাঁচটি গরু জবাই করার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় ক্রেতারা স্বল্পমূল্যে মাংস কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন, এই উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। হাজী মো. আব্দুস সাত্তার বলেন, ‘প্রত্যেকটা ভালো কাজই ইবাদত। চেষ্টা করি ভালো কাজ করার।’
অনলাইন ডেক্স 






















