জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাত ৯টায় আমীরে জামায়াতের বসুন্ধরাস্থ কার্যালয়ে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে চলমান বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী নেতারা তাঁদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন।
শফিকুর রহমান দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে শিল্প খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, সালাউদ্দিন আহমেদ শামীম এবং মো. মনিরুজ্জামান। এ ছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব আনোয়ারুল আজিম এবং বিজিএমইএ’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 























