সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে আজ সোমবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি জানান, নতুন বেতন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ১০০ শতাংশ বাড়বে। নতুন বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলী-২০২৬ অনুমোদন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ১ জুলাই ২০২৬ থেকে নতুন জাতীয় বেতন স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। চলতি বছরের জুলাই থেকে বর্ধিত মূল বেতন কার্যকর হবে এবং পরবর্তী অর্থবছর থেকে সংশ্লিষ্ট বেতন-ভাতা কার্যকর করা হবে।
এছাড়া কৃষি কর্মকর্তাদের নিজ জেলায় পদায়নের সুযোগ দেয়ার কথাও জানান তিনি। নতুন কাঠামোর গেজেট এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
অনলাইন ডেক্স 






















