দিনাজপুর জেলা কারাগারে মো. নাদিম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে, তার সাজা শেষ হওয়ার একদিন আগে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজাপ্রাপ্ত নাদিম বুধবার (২৬ আগস্ট) সকালে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কারাগার সূত্রে জানা গেছে, নাদিমকে ১৭ আগস্ট দিনাজপুর জেলা কারাগারে নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার সাজা শেষ হওয়ার কথা ছিল।
নাদিম বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে নাদিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অনলাইন ডেক্স 

























