ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা। তারা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য বলে মন্তব্য করেছেন। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার মিকেল সিলভেস্ত্রে সামাজিক মাধ্যম এক্স-এ ফিফা নেতৃত্বের সমালোচনা করে একটি বিবৃতি প্রকাশ করেন। ইংল্যান্ড জাতীয় দলের বর্তমান তারকা লুসি ব্রোঞ্জ এবং সাবেক গোলরক্ষক ডেভিড জেমসও সেই বার্তাটি পুনঃশেয়ার করেন।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের তথ্য অনুযায়ী, সিলভেস্ত্রের ফরাসি সতীর্থ ও আরসেনাল কিংবদন্তি ইমানুয়েল পেতিত, দিদিয়ের দ্রগবা এবং রবার্ট পিরেসও এই বিবৃতিতে একাত্মতা প্রকাশ করেছেন।
সিলভেস্ত্রে তার বিবৃতিতে উল্লেখ করেন, খেলোয়াড় ও সমর্থকদের মতামত উপেক্ষা করে বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমান নেতৃত্বের ক্ষমতার মোহ বেড়ে গেছে এবং পরিবর্তন অনিবার্য হয়ে পড়েছে।
২০১৬ সালে ফিফা সভাপতির দায়িত্ব নেওয়া ইনফান্তিনোর বিরুদ্ধে ফুটবলাঙ্গনে ক্ষোভ বাড়ছে। সম্প্রতি বিশ্বকাপ ফুটবলের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়ার পর তার পদত্যাগের দাবি তীব্র হয়েছে।
ফিফপ্রো (FIFPRO) এই উদ্যোগকে ‘সভাপতি পদের ক্ষমতার চরম অপব্যবহার’ বলে আখ্যা দিয়েছিল। তাদের মতে, এই হারানো আস্থা কেবল কথার মাধ্যমে ফেরানো সম্ভব নয়।
অনলাইন ডেক্স 
























