ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে চাঁদা দাবি করে চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ঘটনায় জড়িত ছাত্রদল নেতা তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদা না দেওয়ার কারণে তার চেম্বারে হামলা চালানো হয়।
হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় এক নারী চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর করছেন এবং তালহাজুর রহমান প্রতীক ঘটনাটি মোবাইলে ধারণ করছেন। পরে তিনি নিজেও চিকিৎসকের ওপর হামলা করেন।
শনিবার দুপুরে মো. আশিকুর রহমান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তালহাজুর রহমান প্রতীকসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা চেম্বারে ঢুকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং প্রতিবাদ করায় চিকিৎসককে মারধর করেন। হামলার সময় চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা লুট করা হয় এবং প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেক্স 

























