২০২৬ সালের মার্চে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ব তেল সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় সংকট সৃষ্টি হয়েছে। ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের প্রকাশিত এক তালিকা অনুযায়ী, এই সংকটের ফলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ১ কোটি ১০ লাখ ব্যারেল তেল সরবরাহ কমে গেছে। মঙ্গলবার ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ তথ্য জানায়।
গত পাঁচ দশকের বড় যুদ্ধ ও তেল সংকটের কারণে তৈরি সরবরাহ ঘাটতির তুলনায় হরমুজ সংকটের মাত্রা অনেক বেশি। ১৯৭৮-৭৯ সালের ইরানি বিপ্লবের সময় প্রতিদিন প্রায় ৫৬ লাখ ব্যারেল তেল সরবরাহ কমেছিল, যা তালিকায় দ্বিতীয় বৃহত্তম সংকট হিসেবে চিহ্নিত হয়েছে।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে আরব তেল অবরোধ এবং চতুর্থ অবস্থানে ১৯৯০ সালে কুয়েতে ইরাকের হামলা। উভয় ঘটনাতেই বিশ্ব তেল সরবরাহ প্রতিদিন প্রায় ৪৩ লাখ ব্যারেল কমে যায়। ১৯৮০-৮১ সালের ইরান-ইরাক যুদ্ধের সময় সরবরাহ কমেছিল প্রায় ৪১ লাখ ব্যারেল।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। তাই এই নৌপথে দীর্ঘস্থায়ী বাধা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।
শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইরানের বিধিনিষেধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। ১৮ জুন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর নৌপথটি সাময়িকভাবে খুললেও নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার পর আবার বন্ধ হয়ে যায়। তেহরান অবশ্য দাবি করছে, হরমুজ প্রণালি এখনো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
অনলাইন ডেক্স 























