ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের যুদ্ধজাহাজ এবং অস্ত্রাগারে হামলার দাবি করেছে। তবে এই হামলার বিষয়টি এখনও সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সোমবার (১৭ আগস্ট) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি জানান, তাদের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের একটি অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট শিপ এবং সঙ্গে থাকা বেশ কয়েকটি নৌযানে আঘাত হেনেছে।
এই হামলাটিকে ‘সঠিক ও নিখুঁত’ হিসেবে বর্ণনা করে সারি বলেন, হামলার ফলে কয়েকটি জাহাজ ডুবে গেছে এবং বাকিগুলোতে আগুন ধরে গেছে।
মুখপাত্র আরও জানান, ইয়েমেনের মধ্য-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের সাহন আল-জিন সামরিক ক্যাম্পে অবস্থিত একটি সৌদি অস্ত্রাগারেও একাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
২০১৪ সালে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা সহ দেশের একটি বড় অংশ দখল করে নেয়। এরপর হুতি এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে কয়েক বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে।
২০২৩ সালে ইসরায়েল-গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে হুতিরা লোহিত সাগরে ইসরায়েল এবং ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়েছে।
অনলাইন ডেক্স 
























