লেবাননের দক্ষিণাঞ্চলে আলি আল তাহের পাহাড়ে ইসরায়েলি সামরিক বাহিনী বিস্ফোরক নিক্ষেপ করে হামলা চালিয়েছে। রোববার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
নাবাতিয়েহ আল ফাওকার উপকণ্ঠে অবস্থিত এই কৌশলগত এলাকায় সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, নাবাতিয়েহ ও আনসার এলাকায় ‘হিজবুল্লাহর অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছে, ওই এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে এসব অভিযান পরিচালিত হয়েছে।
গত দিনের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। হামলায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে, এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান ও হামলা ঘিরে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধবিরতির কোনো তোয়াক্কা না করেই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
অনলাইন ডেক্স 























