প্রায় দুই দশক পর আবার কলকাতায় ফিরেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। দিল্লি থেকে শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। বেলা ১২টা ৫০ মিনিটে বিমানবন্দরে পা রাখার পর তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে।’
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তসলিমা লেখেন, ‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।’ তার কয়েক ঘণ্টা পর তিনি দমদম বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে স্বাগত জানাতে বন্ধু ও অনুরাগীরা হাতে লেখিকার ছবি-সংবলিত ব্যানার নিয়ে অপেক্ষা করছিলেন।
তসলিমা নাসরিনকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ‘সেকুলার মিশন’, ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’সহ অন্যান্য সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন এনসিপিআই দলের বিধায়ক শিউলি সাহা, বিজেপি বিধায়ক সৌরভ শিকদার এবং তসলিমার অনুরাগীদের একাংশ।
শনিবার রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন।
২০০৭ সালে তসলিমা নাসরিনের ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে কলকাতায় অশান্তি ছড়িয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে তখন তাকে কলকাতা ছাড়তে বলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পরও ১৫ বছর তাকে ফিরিয়ে আনার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পর তসলিমাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া শুরু হয়।
অনলাইন ডেক্স 






















