সৌদি আরবের জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ আবারও শুরু হয়েছে। দীর্ঘদিন স্থগিত থাকার পর বর্তমানে প্রকল্পটির ৪৩০ মিটার নির্মাণ সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ জুলাই) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, জেদ্দা টাওয়ার নির্মাণ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। টাওয়ারটির উচ্চতা এক হাজার মিটারের বেশি হবে বলে জানিয়েছেন প্রধান বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল।
তিনি আরও জানান, প্রকল্পের ৪০ শতাংশেরও বেশি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সম্প্রতি নির্মাণস্থল পরিদর্শন করে তিনি প্রকৌশলী ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
২০১৩ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হলেও আর্থিক সংকট ও ঠিকাদার-সংক্রান্ত জটিলতার কারণে ২০১৮ সালে কাজ বন্ধ হয়ে যায়। ২০২৫ সালে আবারও প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়।
জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রস্থলে নির্মিতব্য এই ভবনে বিলাসবহুল আবাসিক অ্যাপার্টমেন্ট, পাঁচতারকা হোটেল, আধুনিক অফিস স্পেস এবং পর্যটকদের জন্য অবজারভেশন ডেক থাকবে।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালের মধ্যে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শেষ হবে।
অনলাইন ডেক্স 






















