সরকার ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিএনপি সরকার গঠন করার পর প্রশাসনে এটি প্রথম বড় পদোন্নতি।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে। তবে নতুন যুগ্ম-সচিবদের পদায়ন নিয়ে আদেশ জারি করা হয়নি। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব বরাবর বা অনলাইনে ই-মেইলে পাঠাতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া যায়, তবে তার ক্ষেত্রে পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। বর্তমানে প্রশাসনে যুগ্ম-সচিবের সংখ্যা ১,০৬১ জন।
পদোন্নতির মূল বিবেচ্য ছিল বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচ। এছাড়া পূর্বে বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও পদোন্নতির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী, যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নিতে হবে।
অনলাইন ডেক্স 






















