রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। চলতি মাসেই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বুধবার (৮ জুলাই) বলেন, দীর্ঘদিন ধরে তদন্ত সংস্থা মামলাটির তদন্ত করেছে। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং তৎকালীন কয়েকজন মন্ত্রীকে আসামি করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদনের যাচাই-বাছাই চলছে এবং আগামী ২১ জুলাইয়ের পর এ প্রতিবেদন দাখিলের পরিকল্পনা রয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, মামলার তদন্তে যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তাদেরকে আসামি করা হবে। এর মধ্যে শেখ হাসিনাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ উঠে এসেছে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে আসামিদের নাম প্রকাশ করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আগামী ১০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন। বর্তমানে ৯ জন গ্রেপ্তার রয়েছেন, যাদের মধ্যে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু উল্লেখযোগ্য।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশের সময় ঢাকাসহ দেশের চারটি স্থানে ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।
অনলাইন ডেক্স 





















