আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে উজানের ভারী বৃষ্টি ও দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়তে থাকায় ১৮ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন উত্তর প্রদেশ এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ৮ ও ৯ জুলাই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ থেকে ১২ জুলাইও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির কারণে ১৮ জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে কয়েকটি নদী বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে।
এদিকে, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নদীর পানিও দ্রুত বাড়তে পারে। রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
অনলাইন ডেক্স 
























