ফরিদপুরকে বিভাগ ঘোষণা এবং পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। শনিবার (০৪ জুলাই) ফরিদপুর শহরের ব্যাংক এশিয়া মোড়ে নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত ‘নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ একনেকে পাস হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন রয়েছে। তিনি জানান, দেশের পানির সংকট মোকাবেলায় পদ্মা ও তিস্তা ব্যারেজের পাশাপাশি খাল খননের কাজেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফরিদপুরের উন্নয়নের জন্য বিভাগ ঘোষণা এবং সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। কৃষকদের সমস্যা সমাধানে পেঁয়াজ সংরক্ষণের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে তারা ন্যায্যমূল্য পেতে পারেন।
শিক্ষার প্রসঙ্গে, ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরে তিনি বলেন, ফরিদপুরের চারজন সংসদ সদস্যই এ দাবি তুলেছেন এবং শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সম্মতি দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা ও জেলা বিএনপির সভাপতি মোদাররেস আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদপুর নাগরিক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. শওকত আলী মোল্লা।
অনলাইন ডেক্স 




















