যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের জেনেভা লেকে প্রবল ঝড়ের মধ্যে একটি নৌকা ডুবে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে দক্ষিণ উইসকনসিনে এই দুর্ঘটনাটি ঘটে।
ওয়ালওয়ার্থ কাউন্টি শেরিফ বিভাগের আন্ডারশেরিফ টম হাউসনার জানান, ঝড়ের কারণে বহু মানুষ আহত হয়েছেন। প্রবল বাতাসে গাছ উপড়ে পড়ে, বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায় এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। নিহত ও উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
লেক জেনেভার মেয়র টড ক্রাউস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, গাছ ভেঙে পড়ে অন্তত একজন আহত হয়েছেন এবং শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
আন্ডারশেরিফ হাউসনার বলেন, ঝড়ের পর ক্ষয়ক্ষতি, ভবনে আটকে পড়া মানুষ এবং জরুরি সহায়তার জন্য একাধিক ৯১১ কল এসেছে। উদ্ধারকাজে বিলম্ব হয়েছে সড়কে পড়ে থাকা গাছ ও বিদ্যুৎ লাইনের কারণে।
জেনেভা লেক শিকাগোসহ আশপাশের এলাকার জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এদিকে, ঝড়ের কারণে মধ্য-পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে স্বাধীনতা দিবসের উৎসব ও আতশবাজির অনুষ্ঠান বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা এলাকাটিতে তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে।
অনলাইন ডেক্স 






















