নরসিংদীর রায়পুরা উপজেলায় বুধবার (১ জুলাই) বিকালে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি সেলিম মিয়া (৪৫) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেলিম মিয়া শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, বাড়ি পোড়ানো, চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির মতো চারটি মামলা রয়েছে।
পুলিশের একটি দল সেলিম মিয়াকে গ্রেপ্তার করে থানার উদ্দেশ্যে রওনা হলে সায়দাবাদ ফেরিঘাটে স্থানীয় লোকজন জড়ো হয়ে যায়। এসময় একজন পুলিশ সদস্যকে ইট দিয়ে আঘাত করে সেলিমকে ছিনিয়ে নেয়। এই ঘটনার ফলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নুসরাত জাহান নিপা জানান, আহত পুলিশ সদস্য আব্দুল আলিমকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার ডান হাতের সোল্ডার জয়েন্টে আঘাত লেগেছে এবং এক্স-রে করা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সেলিমের বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। পুলিশ সায়দাবাদ এলাকায় অভিযান চালানোর সময় স্থানীয়দের ভিড়ে সেলিম পালিয়ে যায়। তিনি দাবি করেন যে, এ সময় কোন পুলিশ সদস্য আহত হয়নি।
অনলাইন ডেক্স 























