প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীতের ইতিহাস নন, তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। কবির সাহিত্য ও সংস্কৃতি আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে।
তিনি উল্লেখ করেন, নজরুলের কবিতা ও গান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। কবির সৃষ্টিশীলতা আমাদের সমাজের নৈতিক মূল্যবোধকে গভীরভাবে প্রভাবিত করেছে।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী ও নজরুল গবেষকরা উপস্থিত ছিলেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, নজরুলের জীবন ও কর্মের সঙ্গে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে নানা আয়োজন করা হবে।
তিনি বলেন, কাজী নজরুল ইসলাম হলেন ‘বাংলাদেশের মন’, যিনি সাম্যের গান গেয়েছেন এবং বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।
অনলাইন ডেক্স 






















