ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন বাজারে সরকারি ইজারা না থাকা সত্ত্বেও 'খাজনা' নামে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা বাবুল ফরাজির নেতৃত্বে এ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুর রহমান (২২) গত বছর ১৩ জুন এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তার প্রতিবাদের পর ১৪ জুন বাজারে গিয়ে ব্যবসায়ীদের অবৈধ চাঁদা না দেওয়ার আহ্বান জানানোর পর তাকে হামলার শিকার হতে হয়। হামলার ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুজ্জামান ১৫ জুন বাজার পরিদর্শন করেন এবং নিশ্চিত হন যে বাজারটি সরকারি ইজারার আওতায় নেই। এরপর প্রশাসন থেকে মৌখিকভাবে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, ১৪ এপ্রিল থেকে পুনরায় চাঁদা আদায় শুরু হয়েছে।
মুজাহিদুর রহমান ৩০ জুন ইউএনও মনোরঞ্জন বর্মণের কাছে লিখিত অভিযোগ করেছেন। ইউএনও বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) রঞ্জিত কুমার দাসকে নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদের দাবি, এই বাজারে চাঁদা আদায় দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং তারা প্রশাসনের নির্দেশ অমান্য করছেন না।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং ইজারাবিহীন বাজারে অবৈধ অর্থ আদায় স্থায়ীভাবে বন্ধ করবে।
অনলাইন ডেক্স 





















