প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম খন্দকার। মঙ্গলবার (৩০ জুন) বেলা ২টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় মায়ের জানাজায় অংশ নেন। জানাজা দক্ষিণ ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। বিকাল ৫টার দিকে তাকে আবার কারাগারে নেওয়া হয়।
শাহ আলম খন্দকারকে ২৯ মে রাজনৈতিক মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার মা হালিমা বেগম (৭৫) দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মারা যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শাহ আলমের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, জানাজায় অংশগ্রহণের সময় শাহ আলম খন্দকার হাতকড়া পরা অবস্থায় ছিলেন। জানাজা শেষে তিনি তার মায়ের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান। তিনি বলেন, ‘আমি কারাগারে থাকায় মায়ের সেবা করতে পারিনি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ। তবে জানাজায় আসতে পেরেছি এটাই আল্লাহর কাছে শুকরিয়া।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, শাহ আলম খন্দকার পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান এবং নিয়ম অনুসারে পুলিশ পাহারায় ছিলেন।
অনলাইন ডেক্স 














