‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে — ব্রিটিশ অভিনেত্রী জোয়ানা পেজ সম্প্রতি ‘লাভ অ্যাকচুয়ালি’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সহশিল্পী মার্টিন ফ্রিম্যানের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি ভীষণ ভয় পেয়েছিলেন।
৪৯ বছর বয়সী জোয়ানা পেজ রিয়েলিটি শো ‘আই অ্যাম আ সেলিব্রিটি… গেট মি আউট অব হিয়ার’-এর একটি পর্বে এই অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ‘আমি প্রথমে অডিশন দিতে গিয়েছিলাম। সবকিছু বেশ ভালোভাবেই হয়েছিল। এরপর তারা আমাকে চরিত্রটি করার প্রস্তাব দেয়। তখন আমি আমার এজেন্টকে বলেছিলাম, আমি জানি না কাজটি করতে পারবো কি না।’
২০০৩ সালে মুক্তি পাওয়া রিচার্ড কার্টিস পরিচালিত ‘লাভ অ্যাকচুয়ালি’ সিনেমায় জোয়ানা ও মার্টিনকে দেখা যায় দুইজন স্ট্যান্ড-ইন বা বিকল্প অভিনয়শিল্পীর চরিত্রে। সিনেমার শুটিংয়ের জন্য অন্তরঙ্গ দৃশ্যের মহড়া দিতে গিয়ে তাদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়।
জোয়ানা পেজ শোতে বলেন, ‘শেষ পর্যন্ত ভাবলাম, যা হওয়ার হবে, কাজটি করেই ফেলি। কিন্তু অভিজ্ঞতাটি ছিল ভীষণ ভয়ের।’ তিনি মার্টিনের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতাও শেয়ার করেন।
অভিনেত্রী জানান, ‘আমার ও মার্টিনের দৃশ্যগুলোর মধ্যে প্রথম যে দৃশ্যটি ধারণ করা হয়েছিল, সেখানে আমি সামনের দিকে ঝুঁকে ছিলাম আর সে ছিল আমার পেছনে। পুরো দৃশ্যটি ধারণের পর যখন পোশাক খুলতে হলো, তখন ভীষণ ভয় লাগছিল। প্রথমবার এমন অভিজ্ঞতায় শরীরও ঠান্ডা হয়ে গেছিলো।’
জোয়ানা বলেন, ‘সত্যিই খুব ভীতিকর ছিল। তবে কয়েকবার শুটিং করার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছিলাম। পোশাক বিভাগের নারীরা খুব সহযোগিতা করতেন। পরিচালক কাট বলার সঙ্গে সঙ্গেই তারা ছুটে এসে আমাদের গায়ে গাউন জড়িয়ে দিতেন।’
তিনি আরও জানান, সিনেমাটি নিয়ে পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। জোয়ানা বলেন, ‘আমার মা-বাবা সিনেমাটি ভীষণ পছন্দ করেছেন। এখন তারা বলেন, ‘লাভ অ্যাকচুয়ালি’ না দেখলে বড়দিনই পূর্ণ হয় না।’
জোয়ানা পেজের এই অভিজ্ঞতা সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের চ্যালেঞ্জগুলোকে তুলে ধরে। অভিনেত্রীদের জন্য এমন দৃশ্যে অভিনয় করা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যখন তা প্রথমবারের মতো হয়।
‘লাভ অ্যাকচুয়ালি’ সিনেমাটি বড়দিনের সময়কালকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি রোমান্টিক কমেডি, যা বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। জোয়ানা পেজের অভিজ্ঞতা সিনেমাটির শুটিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে, যা অনেক অভিনেতার জন্যই চ্যালেঞ্জিং হয়ে থাকে।
অনলাইন ডেক্স 

























