মোশাররফ করিম ও শিমুর — জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও সুমাইয়া শিমুর নতুন সিনেমা ‘যাত্রা বিরতি’ ঈদে মুক্তি পাবে। দীর্ঘ সময় পর তারা আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন, তবে এবার টেলিভিশনের বদলে বড়পর্দায়। সিনেমাটি পারিবারিক ভ্রমণ, আনন্দ, আবেগ ও হাস্যরসের মিশেলে নির্মিত হচ্ছে।
সিনেমাটি ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে। বর্তমানে কুয়াকাটায় সিনেমাটির শুটিং চলছে। মোশাররফ করিম ও শিমুর সঙ্গে এতে আরও অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান।
‘যাত্রা বিরতি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছেন কাজী আসাদ। তিনি জানান, ঈদে মুক্তির পরিকল্পনার পেছনে মূল ভাবনা হলো পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর আনন্দ। ঈদের আবহের সঙ্গে সিনেমাটির গল্পের সাদৃশ্য রয়েছে বলে মনে করছেন তিনি।
সুমাইয়া শিমু দীর্ঘদিন পর নতুন সিনেমায় অভিনয় করছেন। চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলেও শুরুতে তিনি কিছুটা দ্বিধায় ছিলেন। পরে সহশিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে অভিনয়ের সিদ্ধান্ত নেন। শিমুর আশা, দর্শকরা সিনেমায় একটি পরিবারের গল্প দেখতে গিয়ে নিজেদের জীবনের নানা মুহূর্ত খুঁজে পাবেন।
মোশাররফ করিম জানিয়েছেন, তিনি কাজী আসাদের সঙ্গে আগেও কাজ করেছেন এবং তার পরিচালিত ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। নতুন সিনেমায় কাজের ক্ষেত্রে তাদের মধ্যে আগে থেকেই বোঝাপড়া রয়েছে।
মোশাররফ করিম বলেন, সুমাইয়া শিমুর সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। গল্পটিও তার পছন্দ হয়েছে। তবে তিনি নিজের কাজটি যথাযথভাবে সম্পন্ন করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার বিশ্বাস, কাজটি ভালোভাবে করতে পারলে দর্শকেরও ভালো লাগবে।
সিনেমাটির গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। এতে আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে। ‘যাত্রা বিরতি’ সিনেমাটি দর্শকদের জন্য একটি বিশেষ ঈদ উপহার হতে পারে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেক্স 

























