সংস্কারের কারণে বন্ধ আমঝুপি — মেহেরপুরের আমঝুপি মিনি স্টেডিয়াম সংস্কারের কারণে চার বছর ধরে বন্ধ রয়েছে। একসময় এই মাঠে ফুটবল ও ক্রিকেটের উন্মাদনা ছিল, কিন্তু এখন সেখানে খেলোয়াড়দের দৌড়ঝাঁপ নেই। মাঠের চারপাশে নির্মাণসামগ্রী, আগাছা এবং মাটির স্তূপের মধ্যে ঘুরে বেড়াচ্ছে গৃহপালিত পশু। এর ফলে আমঝুপি ও আশপাশের গ্রামের শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় অভিভাবকরা উদ্বিগ্ন যে, দীর্ঘদিন খেলাধুলার পরিবেশ থেকে বিচ্ছিন্ন থাকার কারণে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। তারা জানান, অবসর সময়ের সঠিক ব্যবহার না হওয়ায় কিছু তরুণ মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
জানা গেছে, ২০২৩ সালে আমঝুপি খেলার মাঠকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ইতোমধ্যে তিন দফা মেয়াদ বাড়ানো হয়েছে।
মাঠটি বন্ধ থাকায় স্থানীয় খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করতে পারছেন না। অনেক খেলোয়াড় দূরের মাঠে যাওয়ার চেষ্টা করলেও যাতায়াত খরচ ও নানা সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না। স্থানীয় খেলোয়াড় ইসতিয়াক আহমেদ বলেন, নিয়মিত অনুশীলনের সুযোগ না থাকলে একজন খেলোয়াড়ের দক্ষতা ধরে রাখা কঠিন।
আরেক খেলোয়াড় আতিক রহমান জানান, আগে বিকেল হলেই মাঠে খেলতে আসতেন। এখন সেই সুযোগ নেই। মাঠের অভাবে খেলাধুলার পরিবেশ হারিয়ে যাচ্ছে। তিনি মনে করেন, স্টেডিয়ামটি দ্রুত চালু হলে আগের মতো খেলাধুলার পরিবেশ ফিরে আসবে।
স্থানীয় খেলোয়াড় রাজু আহমেদ বলেন, খেলার মাঠের অভাব তরুণদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের জন্য বড় বাধা। খেলাধুলার মাধ্যমে তরুণরা শারীরিকভাবে সুস্থ থাকে এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ তৈরি হয়।
লিটু জোয়ার্দার মনে করেন, শুধু স্টেডিয়াম নির্মাণ করলেই হবে না, সেখানে নিয়মিত খেলাধুলার পরিবেশও নিশ্চিত করতে হবে। স্থানীয় খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিতে হবে।
অভিভাবকরা জানান, শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও সামাজিক আচরণ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাঠে খেলাধুলার মাধ্যমে শিশুরা শৃঙ্খলা ও সহযোগিতার শিক্ষা পায়। কিন্তু মাঠ না থাকায় এসব সুযোগ থেকে তাদের সন্তানরা বঞ্চিত হচ্ছে।
মেহেরপুর আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ চার বছরে কাজ শেষ না হওয়ায় এলাকাবাসী সুফল পাচ্ছেন না। মাঠটি বন্ধ থাকায় স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
তিনি আরও জানান, স্টেডিয়ামটির নির্মাণকাজ সম্পন্ন হলে আমঝুপি ও আশপাশের এলাকার তরুণদের নিয়মিত খেলাধুলা ও অনুশীলনের সুযোগ তৈরি হবে। নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে একটি আধুনিক খেলার মাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তাই নির্মাণকাজের অগ্রগতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 





















